দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্য ও ইউরোপের বাংলাদেশি মালিকানাধীন সংবাদমাধ্যম ‘ডেইলি ড্যাজলিং ডন’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট থেকে ২ জুন পাঠানো এক চিঠিতে এই শুভেচ্ছা জানানো হয়। চিঠিটি পাঠান ডাইরেক্ট কমিউনিকেশনস ইউনিটের প্রধান ম্যান্ডি গডরিজ।
চিঠিতে ডেইলি ড্যাজলিং ডনের প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, সংবাদমাধ্যমটির অবদান ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দেওয়া মানুষের কাছে প্রশংসিত হবে।
এতে আরও বলা হয়, তৃতীয় বর্ষপূর্তির এই মাইলফলক উদযাপনের পাশাপাশি আগামী বছরগুলোতেও সংবাদমাধ্যমটির ধারাবাহিক সাফল্য কামনা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ডেইলি ড্যাজলিং ডনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একই ধরনের শুভেচ্ছা বার্তা পাওয়া গিয়েছিল।
সংবাদমাধ্যমটির দাবি, যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি থেকে প্রকাশিত এটি প্রথম পূর্ণাঙ্গ মূলধারার সংবাদপত্র এবং ইউরোপে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র মূলধারার সংবাদমাধ্যম।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ সংস্করণে লন্ডনের মেয়র সাদিক খান এবং যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য রুশনারা আলী বিশেষ নিবন্ধ লিখেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেইলি ড্যাজলিং ডনের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুদান, করপোরেট উপহার বা পাঠক-সাবস্ক্রিপশন ফি গ্রহণ করে না। এর ফলে সংবাদ সংগ্রহ ও জনস্বার্থভিত্তিক প্রতিবেদনে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হচ্ছে বলে তারা দাবি করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে সংবাদমাধ্যমটি প্রতি মাসে গড়ে প্রায় ৬০ লাখ পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়।
প্রতিষ্ঠানটি বলছে, পরিবর্তনশীল বৈশ্বিক মিডিয়া পরিবেশে জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা এবং স্বাধীন সম্পাদনা নীতির প্রতি অঙ্গীকার বজায় রেখে তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
জে আই